পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

SAU

কৃষি সংবাদ ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে পানি সম্পদ মন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে দেশের কৃষি শিক্ষা, গবেষণা, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যকর  ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বর্তমান কৃষিবান্ধব সরকার। এ ছাড়া খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেও সরকার কাজ করছে। তিনি বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ দেশের কৃষিকে এগিয়ে নিতে হবে । এক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সিলেট অঞ্চলের হাওর, নদী ও জলাভূমিনির্ভর কৃষি ব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা করার সুযোগ রয়েছে। এ সময় 

কৃষি উৎপাদন ব্যবস্থাপনায় পানির যথাযথ ব্যবহার, সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং বন্যার প্রভাব মোকাবিলায় কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। 

ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ও পরিবেশগত বাস্তবতায় পানি সম্পদের গুরুত্ব অপরিসীম। সিলেট অঞ্চলের হাওরাঞ্চলে মৌসুমি বন্যা, অতিবৃষ্টি, নদীভাঙন এবং পানির সঠিক ব্যবস্থাপনা কৃষি উৎপাদন ও কৃষকের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বাস্তবভিত্তিক গবেষণা এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা গেলে কৃষি ও পানি সম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কৃষি ও পরিবেশের নিবিড় সম্পর্ক বিবেচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পেলে কৃষি এবং পানি সম্পদ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার পানিসম্পদ মন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানান ও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →